শেষ থেকে শুরু
গার্গী গাঙ্গুলী।
আকাশ,
কথা ছিল একসাথে পথ হেঁটে যাওয়ার।
সেই ইচ্ছে আজ ছায়াপথ ধরে দূরে মিলিয়ে গেছে।
রেখে গেছে কিছু শিশির বিন্দু আর দমকা বাতাস।
সারা কলকাতা জুড়ে , রাস্তায়, ট্রাফিক সিগন্যালে, ক্যাফেতে আটকে আছে ছেঁড়া ছেঁড়া সবুজ, হলুদ পাতা।
একসময় ভেবেছিলাম শহর ছাড়ি।
পাড়ি দি অনেক দূরে।
সেখানে শুরু হোক কোনো নতুন অধ্যায়।
কিন্তু হয় নি।
পায়ে পায়ে ভীরু কিশোরীর মতো আবার আমি ফিরে এসেছি।
দৌড়ে সিগন্যাল পেড়িয়ে উঠে পড়েছি ঘরে ফেরার বাসে।
যাই হোক,এসব তোমায় বলে আর বিব্রত করবো না।
সেপ্টেম্বরে আসছে আমার নতুন কাজ।
কর্মজগতের বোধন শুরু করছি
আর স্মৃতিগুলোর সাথে আপস করে নিয়েছি কিছুটা।
অভিমান নিয়ে ভিক্ষাপ্রার্থী হবো না কোথাও।
শুধু যখন বৃষ্টির সন্ধ্যেতে চুপ করে জলধারার শব্দ শুনি,
আমার খুব কষ্ট হয়।
ভালো থেকো। মাঝে মাঝে চিঠি দিও।
আমি গোধূলির আলোয় ঠিক পড়ে নেবো।
ইতি
নন্দিনী।

0 Comments